রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মিলনায়তনে মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে একটি মাদকবিরোধী পরামর্শ সভার আয়োজন করা হয়। ২০২৩ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত এই সভায় প্রধান পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল।
সভায় শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক সংকটের বিষয়ে দিকনির্দেশনা প্রদানকালে অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘মনের স্বাস্থ্য ভালো না থাকলে দেহের স্বাস্থ্যও ভালো হবে না। টেকসই উন্নয়নের জন্যও মানসিকভাবে সুস্থ থাকা জরুরি।
শিক্ষার্থীদের মানসিক চাপ ও হতাশা কাটিয়ে ওঠার উপায় হিসেবে তিনি বেশ কিছু সুনির্দিষ্ট পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর চেষ্টা করতে এবং নেতিবাচক আবেগের চর্চা পরিহার করার আহ্বান জানান। একইসঙ্গে ইতিবাচক আবেগ—মায়া, মমতা ও ভালোবাসার চর্চা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সাফল্য অর্জনের পথ নিয়ে আলোচনা করতে গিয়ে অধ্যাপক ডা. মোহিত কামাল বলেন, ‘হঠাৎ করেই শীর্ষে চলে যাওয়া যায় না। সফল হতে হলে কষ্ট করতে হবে। প্রতিটি মুহূর্তকে ভালোভাবে ব্যবহার করে সময়ের নায়ক হয়ে উঠতে হবে।