অনলাইনে অর্থ পাচার বা মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন (এএমএল-সিএফটি) প্রতিরোধে নিজেদের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী এক সেমিনারের আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ‘ম্যানেজিং এমএল ও টিএফ রিস্কস ইনভলভিং অনলাইন কানেকটিভিটি’ শিরোনামে সম্প্রতি এই অর্ধবার্ষিক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিকাশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেমিনারে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আলোকে অনলাইন জুয়া ও বেটিং, ভার্চ্যুয়াল অ্যাসেটের (ভিএ) অবৈধ লেনদেন এবং অনলাইন কানেকটিভিটিকেন্দ্রিক মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়নের ঝুঁকি মোকাবিলায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একইসঙ্গে আর্থিক সেবার নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি নজরদারি এবং সময়মতো নিয়ন্ত্রক সংস্থাকে প্রয়োজনীয় তথ্য জানানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উক্ত সেমিনারে বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর; চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম; চিফ কাস্টমার সার্ভিস অফিসার নিশাত রহমান; চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম এবং এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান সাবের শরীফসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সারা দেশ থেকে ব্যাংকের আঞ্চলিক পর্যায়ের এএমএল-সিএফটি কর্মকর্তা ও প্রতিনিধিরা এই সেমিনারে অংশগ্রহণ করেন।