সারা দেশের সাথে সংগতি রেখে শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে মাদারীপুরে পালিত হয়েছে জুলাই অভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় শহরের শকুনীপার এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।
স্মৃতিস্তম্ভে উপস্থিত হয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী, জেলা প্রশাসক মিজ মর্জিনা বেগম এবং পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। এছাড়া জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর জুলাই শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসের পরবর্তী কর্মসূচি হিসেবে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে একটি আলোচনা সভার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।