দেশের প্রথম ব্যাংক হিসেবে ‘সুইফট স্কিম’ সেবায় যুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে সিটি ব্যাংক। এই নতুন ব্যবস্থার ফলে ছোট আকারের অর্থ আদান-প্রদান তাৎক্ষণিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে। প্রাথমিকভাবে ৫ হাজার ডলারের সমপরিমাণ মুদ্রার লেনদেনের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে। বিশেষ বিষয় হলো, সিটি ব্যাংকের পাশাপাশি অন্য ব্যাংকের গ্রাহকরাও এই সেবার সুযোগ পাবেন।
ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘সুইফট স্কিম’ হলো আন্তসীমান্ত লেনদেনের জন্য একটি নতুন কাঠামো। এর লক্ষ্য হলো, আন্তর্জাতিকভাবে ব্যক্তি পর্যায়ে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের লেনদেন আরও সহজ করা। এই ব্যবস্থায় লেনদেনের পূর্ণ মূল্য প্রাপ্তির নিশ্চয়তা, শুরুতেই খরচের বিষয়ে স্পষ্ট ধারণা প্রদান, স্বচ্ছতা, লেনদেন ট্র্যাক করার সুবিধা এবং দিন-রাত ২৪ ঘণ্টা সেবা পাওয়ার সুযোগ রয়েছে।
সম্প্রতি সুইফট এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের এই অর্জনকে স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিনের হাতে একটি স্মারক ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান এবং সুইফটের সিইও ও রিজিওনাল হেড (ভারত ও দক্ষিণ এশিয়া) কিরণ শেঠি। উক্ত অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি (এএমডি) মাহিয়া জুনেদ ও উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মেসবাউল আসিফ সিদ্দিকীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সুইফটের হিসাব পরিচালক (ভারত) ও কান্ট্রি ম্যানেজার অর্পিতা ঘোষ উপস্থিত ছিলেন।