প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীর।
বুধবার (৫ আগস্ট) বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সম্প্রতি সিলেটে এনসিপির এক পথসভায় হামলা কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। এই পোস্টটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি তা মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। তবে ততক্ষণে ওই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পরবর্তীতে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।
এই ঘটনার প্রেক্ষিতে গত ২ আগস্ট রবিবার বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই বাদী তার ফেসবুক আইডিতে গাজী সালাউদ্দিন তানভীরের করা ওই পোস্টটি দেখতে পান।
এজাহারে দাবি করা হয়েছে, ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমালোচনার মুখে অভিযুক্ত ব্যক্তি পরে পোস্টটি মুছে ফেলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। বাদী বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল জানান, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতা-কর্মী দেখার পর দলীয় জেষ্ঠ্য নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় আনা হচ্ছে। সংবাদ সম্মেলন করে বিষয়ে বিস্তারিত জানানো হবে।