ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘোষণা করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা থামবেন না।

বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও যোদ্ধাদের বর্তমান প্রজন্ম কখনো ভুলবে না। বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এ দাবি থেকে তারা সরে আসবেন না।"

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার একটি ‘চক্রান্তের’ কথা তারা শুনেছেন বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। যদিও সংশ্লিষ্ট পক্ষ বিষয়টিকে কোনো আনুষ্ঠানিক আয়োজন বলে উল্লেখ করেনি, তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, এটি দীর্ঘমেয়াদি কোনো ষড়যন্ত্রের অংশ হতে পারে। তার দাবি, পতিত ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশ থেকে লুটপাট করা অর্থ পুনরায় দেশে বিনিয়োগ করে অস্থিতিশীলতা সৃষ্টি এবং রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করতে পারে।

ফ্যাসিবাদকে আর কখনো দেশে ফিরতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে প্রতিমন্ত্রী বলেন, "ফ্যাসিবাদকে আর কখনো বাংলাদেশে ফিরে আসতে দেওয়া হবে না। কেউ ফিরে আসার চেষ্টা করলে গণহত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের মাধ্যমেই রাজনীতিতে তাদের অধ্যায়ের সমাপ্তি ঘটবে।"

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও দেখা গেছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে ছাত্র-জনতা ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তারা কাজ করে যাবেন বলে জানান ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে এবং জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে দুর্বল করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

বর্তমানে যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের সঙ্গে পতিত স্বৈরাচারী শক্তির কোনো যোগাযোগ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, এমন কোনো তৎপরতা প্রমাণিত হলে তা মোকাবিলা করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে।