জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

প্রসিকিউটর সাংবাদিকদের জানান, যুক্তিতর্কের শুরুতে তাঁরা উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত অপরাধ ছিল পদ্ধতিগত ও ব্যাপক মাত্রার। গাজী মোনাওয়ার বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানে ওবায়দুল কাদের ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিলেন।" তিনি আরও বলেন, "ওবায়দুল কাদেরের উসকানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে সারা দেশে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসী বাহিনী ঝাঁপিয়ে পড়ে।"

এ মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ। উল্লেখ্য, এ মামলার সব আসামিই পলাতক।