নোয়াখালী পৌরসভায় এক প্রবাসীর বাসায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে মাইজদী এলাকার হক ম্যানশন ভবনের চতুর্থ তলায় এই ঘটনা ঘটে।

মঙ্গলবার রাত ৮টায় সুধারাম মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।

পুলিশ জানায়, প্রবাসীর বাসায় কয়েকজন যুবক অস্ত্রসহ চাঁদাবাজির উদ্দেশ্যে অবস্থান করছে—এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে আনোয়ার হোসেন টিটু নামের এক যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত টিটুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলিসমেত একটি ম্যাগাজিন, ৪০ পিস ইয়াবা, ২৭ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত টিটুর বিরুদ্ধে আগে থেকেই বেগমগঞ্জ মডেল থানায় ৭টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, "প্রবাসীর বাসায় কয়েকজন যুবক অস্ত্রসহ চাঁদাবাজির উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশ বাড়িটি ঘেরাও করে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদকসহ টিটুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।"

তিনি আরও জানান, "অভিযানের সময় পালিয়ে যাওয়া দুই যুবককে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।"