গুম ও ক্রসফায়ারের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের পৃথক দুটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান এবং লেফটেন্যান্ট কর্নেল (চাকরিচ্যুত) তারেক সাঈদ মোহাম্মাদকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মঙ্গলবার ট্রাইব্যুনাল এই আদেশ প্রদান করেন। আগামী ১০ আগস্ট তাঁদের উভয়কে আদালতে হাজির হতে হবে।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের জানান, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বিচারবহির্ভূতভাবে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামের বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুম করার ঘটনায় আরও একটি মামলা করা হয়েছে।

এই বিষয়ে প্রসিকিউটর শাইখ মাহদী মুক্তকণ্ঠকে বলেন, "এই দুটি মামলাতেই জিয়াউল আহসান ও তারেক সাঈদ আসামি। তাঁদের হাজির করতে বলা হয়েছে।"