দেশের ইন্টারনেট সেবাদাতা (আইএসপি) প্রতিষ্ঠানগুলোর পরিচালনা কার্যক্রম আরও সহজ, দ্রুত ও স্বয়ংক্রিয় করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন ‘আইএসপি ইআরপি সফটওয়্যার’ উন্মোচন করেছে প্লেক্সাস ক্লাউড লিমিটেড। গতকাল সোমবার রাতে রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম। তিনি বলেন, ‘দেশের ইন্টারনেট খাতের টেকসই উন্নয়নে আধুনিক সফটওয়্যার ও অটোমেশন–ভিত্তিক সমাধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এআই প্রযুক্তি গ্রহণের বিকল্প নেই। এআই আমাদের অ্যাডাপ্ট করতেই হবে। তা না হলে আমরা আইএসপি ব্যবসাকে পরবর্তী ধাপে নিতে পারব না।’

বিশেষ অতিথির বক্তব্যে আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা বলেন, সরকারের ইডিসি প্রকল্পের আওতায় ১ লাখ ৮ হাজার সংযোগ স্থাপনের কাজ চলছে। এর মধ্যে ৫৫ হাজার সংযোগের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

প্লেক্সাস ক্লাউড লিমিটেড জানায়, নতুন এআই-ভিত্তিক ইআরপি সফটওয়্যারটি আইএসপি প্রতিষ্ঠানগুলোর বিলিং, গ্রাহক ব্যবস্থাপনা, নেটওয়ার্ক পরিচালনা, হিসাবরক্ষণ, বিটিআরসি কমপ্লায়েন্স এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম এক প্ল্যাটফর্মে পরিচালনার সুযোগ দেবে। এর মাধ্যমে আইএসপিগুলো আরও উন্নত গ্রাহকসেবা দিতে পারবে, নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে পারবে এবং দ্রুতগতির ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা প্রদানে সক্ষম হবে। প্রতিষ্ঠানটির দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে তৈরি এই প্ল্যাটফর্ম আইএসপি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে আরও দক্ষ, স্বয়ংক্রিয় ও গ্রাহককেন্দ্রিক করে তুলবে।

গ্রাহকসেবার মান আরও উন্নত ও সহজ করতে প্ল্যাটফর্মের সঙ্গে রয়েছে ইন্টারনেট ইউজার অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা তাঁদের সংযোগের তথ্য, বিল পরিশোধ, সেবা-সংক্রান্ত আপডেট এবং প্রয়োজনীয় সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন। এ ছাড়া আইএসপিগুলোর সঞ্চালন কার্যক্রম আরও গতিশীল, নির্ভুল ও কার্যকর করতে রয়েছে ট্রান্সমিশন অ্যাপ—যা নেটওয়ার্ক পরিচালনা, মনিটরিং এবং অপারেশনাল কার্যক্রম দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করতে সহায়তা করবে।

প্লেক্সাস ক্লাউড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন বলেন, দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে আরও স্মার্ট ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় আনতেই এআই–ভিত্তিক এই ইআরপি সমাধান তৈরি করা হয়েছে। সফটওয়্যারটি আইএসপি খাতের পরিচালন কার্যক্রম, গ্রাহকসেবা ব্যবস্থাপনা এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা বাড়াতে সহায়তা করবে।

অনুষ্ঠানে এআই–বিষয়ক বইয়ের লেখক রাকিবুল হাসান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে মানসম্মত ও পর্যাপ্ত ডেটার প্রয়োজন হয়। তিনি আরও বলেন, প্লেক্সাস ক্লাউডের কাছে সেই ডেটা থাকায় প্রতিষ্ঠানটি এআই ব্যবহার করে গ্রাহকদের জন্য আরও কার্যকর সেবা দিতে সক্ষম হচ্ছে। অনুষ্ঠানে আইএসপিএবির সাবেক সভাপতি ইমদাদুল হক বক্তব্য দেন।