পটুয়াখালীর কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৫৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির তবল মাছ। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে মাছটি মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে তা দেখতে উৎসুক মানুষের ভিড় জমে যায়। পরবর্তীতে খোলা নিলামের মাধ্যমে স্থানীয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলেদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘এফবি সালমা করিম’ নামক একটি ট্রলারের জালে এই মাছটি ধরা পড়ে। এরপর মহিপুর মৎস্য বন্দরের আখি ফিশ ও তহুরা ফিশ আড়তে নিলামে তোলা হলে সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছটি কেনেন ব্যবসায়ী রুবেল ঘরামী। হিসাব অনুযায়ী, প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ৬৬৬ টাকা।
স্থানীয়ভাবে তবল নামে পরিচিত এই মাছটি সামুদ্রিক ‘ট্রেভ্যালি’ হিসেবে পরিচিত। কুয়াকাটা অঞ্চলে স্থানভেদে একে ‘তবলি’, ‘বগা’ কিংবা ‘খাঁদিয়া’ নামেও ডাকা হয়। সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং কাঁটা কম থাকায় বাজারে এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। মৎস্যজীবীদের মতে, গভীর সমুদ্রে এই প্রজাতির মাছ নিয়মিত পাওয়া গেলেও এত বড় আকারের তবল মাছ সচরাচর ধরা পড়ে না।
ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে ও ডাব্লিউসিএস ওয়ার্ল্ডফিশের যৌথ উদ্যোগে পরিচালিত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, “তবল ক্যারাঙ্গিডি পরিবারের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক মাছ। এত বড় আকারের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের ইতিবাচক দিক নির্দেশ করে।”
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “বড় আকারের সামুদ্রিক মাছের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। বঙ্গোপসাগরে বড় মাছের উপস্থিতি ও উৎপাদন বৃদ্ধি দেশের মৎস্য খাতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।”