ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের (ইউসিএল) পরিচালনা পর্ষদের চারটি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৩২৮তম সভায় এই সিদ্ধান্তগুলো অনুমোদিত হয়।
বোর্ড সভায় রুহুল কুদ্দুস খানকে তিন বছরের মেয়াদে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। গত ২৮ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বিদায়ী চেয়ারম্যান মাসুদ খানের পদত্যাগের পর কোম্পানির আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের বিধান অনুযায়ী তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়। তিনি বর্তমানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি, শাদমান সাদিকিনকে ইউনিলিভারের নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রয়োজনীয় বিধিবদ্ধ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স বা অর্থ বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া শারমিন আক্তারকে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই নিয়োগগুলোর মাধ্যমে করপোরেট সুশাসন জোরদার, অভ্যন্তরীণ দক্ষতার সর্বোত্তম ব্যবহার ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।