ফেনীর পরশুরাম সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় অস্টিন নামের এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার রাতে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর এলাকা থেকে তাঁকে ধরা হয়।

আটক ব্যক্তির বয়স ৩৯ বছর। বিজিবি সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন, যা লক্ষ্য করে ধাওয়া করে তাঁকে আটক করা হয়। আটকের পর তিনি নিজেকে নাইজেরিয়ান নাগরিক হিসেবে পরিচয় দিলেও তাঁর কাছে কোনো দেশের ভিসা, পাসপোর্ট বা ভ্রমণের বৈধ নথি পাওয়া যায়নি। তিনি কীভাবে এবং কখন বাংলাদেশে প্রবেশ করেছিলেন, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজিবি–৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, "আটক ব্যক্তিকে ভিসা ছাড়া অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ও ভারতে প্রবেশে চেষ্টার অপরাধে প্রচলিত আইনে বিচার করার জন্য পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।"

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিজিবির অভিযানে আটক নাইজেরিয়ার নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত তিন বছরে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সোমালিয়া, নাইজেরিয়া, সুদান ও জাম্বিয়াসহ বিভিন্ন দেশের অন্তত ১১ নাগরিককে আটক করেছে বিজিবি।