জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের লক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রবেশকে কেন্দ্র করে ছাত্রদলের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। বেলা ১১টার দিকে জকসু নেতারা কিছু প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। ওই প্ল্যাকার্ডগুলোতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ ত্বরান্বিত করা, অস্থায়ী হল নির্মাণ, মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত ল্যাব-সুবিধা নিশ্চিত করা এবং টেকনিশিয়ান ও চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়। সেই সময় সেখানে ইনকিলাব মঞ্চের কিছু সদস্যও উপস্থিত ছিলেন।

ঠিক এই সময়েই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে জকসু নেতাদের ধাক্কাধাক্কি শুরু হয়। এর ফলে জকসু নেতারা মিলনায়তনের প্রবেশমুখের বাইরে অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হন।

পরবর্তীতে অবস্থান কর্মসূচি ও সেমিনার শেষ করে বের হওয়ার সময় শহীদ মিনারের সামনে ছাত্রদলের সাথে জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের মধ্যে পুনরায় মারামারি শুরু হয়। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, উক্ত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ।