অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় রাষ্ট্রযন্ত্র নানামুখী সংকট ও প্রতিকূলতায় ঘেরা ছিল এবং ড. মুহাম্মদ ইউনূস যেন "জ্বলন্ত আগুনের ওপর বসে" দেশ পরিচালনা করেছেন বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি মুক্তকণ্ঠের আলাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ জানান, অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, তখন দেশের আমলাতন্ত্রের একটি বড় অংশ পূর্ববর্তী সরকারের সুবিধাভোগী ছিল এবং তারা নতুন সরকারকে ন্যূনতম সহযোগিতা করতে আগ্রহী ছিল না। ফলে শুরু থেকেই সরকারকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে।
দেশের তৎকালীন পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, "সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশ ছিল একটি ডুবন্ত টাইটানিকের মতো অবস্থায়।" অর্থনীতি সংকটাপন্ন থাকা এবং রাষ্ট্র বিভিন্ন অস্থিরতার মধ্য দিয়ে যাওয়ার কারণে সে সময় দুর্ভিক্ষ বা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কাও ছিল বলে তিনি উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ফুয়াদ বলেন, "ভারতের পক্ষ থেকে পরিচালিত গুজব ও অপপ্রচার এবং দেশের ভেতরে আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠীর বিভিন্ন ধরনের তৎপরতার মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা একটি বড় অর্জন।" তার মতে, এই চ্যালেঞ্জপূর্ণ সময়ে ড. ইউনূসের নেতৃত্ব রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি আরও দাবি করেন, ড. ইউনূস এমন এক সংকটময় সময়ে দায়িত্ব পালন করেছেন যার মূল্যায়ন প্রচলিত মানদণ্ডে করা কঠিন। নানা প্রতিকূলতা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার দেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম হয়েছে বলে তিনি মনে করেন।