ব্যক্তিগত বার্তা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠানো প্রচারণামূলক ও বাণিজ্যিক বার্তাগুলোকে আলাদা করতে নতুন সুবিধা যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা চালু হলে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পাঠানো বার্তাগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে ‘অফারস অ্যান্ড আপডেটস’ নামের একটি ফোল্ডারে জমা হবে। ফলে প্রয়োজনের সময় বাণিজ্যিক বার্তাগুলো সহজে খুঁজে পাওয়া যাবে।

.

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেটা বর্তমানে হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহার করা নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নতুন সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করছে। মেটার তথ্যমতে, সাম্প্রতিক সময়ে গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের ওপর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর নির্ভরতা বেড়েছে। সে কারণেই ব্যক্তিগত ও ব্যবসায়িক বার্তা আলাদা রাখার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

.হোয়াটসঅ্যাপে আপনার ব্যক্তিগত তথ্য নিরাপদে আছে তো.

পরীক্ষামূলক পর্যায়ে থাকা এ সুবিধার আওতায় ব্যাংক, বিমানসংস্থা, খুচরা বিক্রয় প্রতিষ্ঠানসহ বড় ব্যবসাপ্রতিষ্ঠানের পাঠানো বাণিজ্যিক বার্তাগুলো প্রথমে ব্যবহারকারীদের মূল চ্যাট তালিকায় দেখানো যাবে। নির্দিষ্ট সময় পর সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘অফারস অ্যান্ড আপডেটস’ ফোল্ডারে স্থানান্তর করা হবে। বর্তমানে কতক্ষণ পর বার্তাগুলো সরানো হবে, তা নিয়ে বিভিন্ন সময়সীমা পরীক্ষা করছে মেটা। কোনো কোনো ক্ষেত্রে বার্তা ২৪ ঘণ্টা পর্যন্ত মূল চ্যাট তালিকায় রাখা হতে পারে। অর্থাৎ পণ্য সরবরাহের তথ্য, অর্ডারের হালনাগাদ অবস্থা, মূল্যছাড়ের অফার, কুপন বা অন্যান্য সেবাসংক্রান্ত বার্তা প্রথমে আগের মতোই মূল চ্যাটবক্সে দেখা যাবে। পরে সেগুলো আলাদা ফোল্ডারে চলে যাবে।

.হোয়াটসঅ্যাপের এই ৭ সুবিধা সম্পর্কে জানেন তো.

মেটার তথ্যমতে, নতুন এ সুবিধা ব্যবহারে কোনো বাধ্যবাধকতা থাকবে না। ফলে কেউ চাইলে সুবিধাটি বন্ধ রেখে আগের মতো সব কথোপকথন মূল চ্যাট তালিকাতেই রাখতে পারবেন। তবে ব্যবসায়িক বার্তা কতক্ষণ মূল ইনবক্সে থাকবে, সেটি ব্যবহারকারীরা নিজেরা নির্ধারণ করতে পারবেন না। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ও ব্যবহারের ধরন বিশ্লেষণ করে পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্র: টেকলুসিভ