মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে অশ্লীল ও বিকৃত ভিডিও তৈরি ও প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সৈয়দ তানভীর আহমেদ। তিনি জুড়ী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে শ্রীমঙ্গলে অবস্থান করছিলেন। সোমবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকা থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, সংসদ সদস্য এম নাসের রহমানের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে একটি চক্র এআই প্রযুক্তির অপব্যবহার করে। অন্য একজনের শরীরের সঙ্গে নাসের রহমানের মুখমণ্ডল যুক্ত করে একটি সম্পূর্ণ ভুয়া ও অশ্লীল ভিডিও তৈরি করা হয় এবং তা বিভিন্ন ফেসবুক আইডি ও পেজের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এই ঘটনার প্রেক্ষিতে গত ২ আগস্ট মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, মামলাটির তদন্তভার বর্তমানে ডিবি পুলিশের কাছে রয়েছে। তিনি বলেন, "ঘটনার সঙ্গে জড়িত ডিজিটাল আলামত সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ চলমান। পাশাপাশি এই চক্রের বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।"
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বার্তায় এমপি এম নাসের রহমান জানান, রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে তার মাথা অন্যের শরীরে বসিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে এই ভুয়া ও অশ্লীল ভিডিও তৈরি করা হয়েছে। তিনি সবাইকে এ ধরনের অপপ্রচার ও গুজবে কান না দেওয়ার এবং যাচাই-বাছাই ছাড়া কোনো কনটেন্ট শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানান।