কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার ডাঁড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত পুলিশ সদস্য পারভেজ মিয়া (৩০) ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার স্থায়ী বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল সিএনজি চালিত অটোরিকশার দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারে যাচ্ছিল। পথে ডাঁড়িয়াকান্দি এলাকায় পিকআপ ভ্যানটির একটি চাকায় হাওয়া কম থাকায় চালক সড়কের পাশে গাড়ি থামিয়ে হাওয়া দিচ্ছিলেন।
ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা ধানের তুষ বোঝাই একটি ট্রাক একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের পিকআপের ওপর উল্টে পড়লে ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে স্থানীয় জনতা ও পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে ট্রাকের নিচ থেকে পারভেজের মরদেহ উদ্ধার করা হয়।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ডাঁড়িয়াকান্দি এলাকায় পিকআপের চাকায় হাওয়া দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক পুলিশের গাড়ির ওপর উল্টে পড়ে। এতে কনস্টেবল পারভেজ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।"