মাল্টিমিডিয়া গণমাধ্যম মুক্তকণ্ঠের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সোমবার (৩ আগস্ট) রাতে মুক্তকণ্ঠের কার্যালয়ে ইউটিউব চ্যানেলের প্লে বাটন অর্জন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কেক কাটার পাশাপাশি মুক্তকণ্ঠের উদ্বোধনী ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রী বলেন, "মুক্তকণ্ঠের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত। অল্প সময়ে ইউটিউব প্ল্যাটফর্মে গণমাধ্যমটির অগ্রগতি এবং দর্শকদের কাছে পৌঁছানোর সক্ষমতা প্রশংসার দাবিদার।"

বর্তমান সময়ের তথ্যপ্রবাহ নিয়ে তিনি বলেন, "বর্তমানে অধিকাংশ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইউটিউবের মাধ্যমে সংবাদ ও তথ্য গ্রহণ করে। তাই প্রতিটি সংবাদের একটি ইতিবাচক উদ্দেশ্য থাকা উচিত এবং সেই সংবাদ যেন সমাজের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে।"

সংবাদকর্মীদের ভূমিকা প্রসঙ্গে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "সংবাদকর্মীরাই সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি। মুক্তকণ্ঠ একটি ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ গণমাধ্যম হিসেবে মানুষের আস্থা অর্জন করবে এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।"

প্রতিমন্ত্রী আরও বলেন, "আগামী দিনেও মুক্তকণ্ঠ মানুষের কল্যাণে কাজ করবে বলে আশা রাখছি। মুক্তকণ্ঠের অগ্রযাত্রা অব্যাহত থাকুক। প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।"

উক্ত অনুষ্ঠানে মুক্তকণ্ঠের সম্পাদক পলাশ মাহমুদ, হেড অব নিউজ শাকিল ফারুকসহ প্রতিষ্ঠানের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।