রাজধানীতে আজ মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সকাল সাড়ে আটটার দিকে এ প্রতিবেদন লেখার সময়ও বিভিন্ন স্থানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আকাশ ছিল মেঘলা।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, দুপুর পর্যন্ত বৃষ্টির বিরতি চলতে পারে এবং দুপুরের দিকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের দিকে বৃষ্টি কমে আসতে পারে। দেশের চার বিভাগে আজ অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে—রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল।
আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ২৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, "সকাল আটটার দিক থেকেই বৃষ্টি কমে এসেছে রাজধানীতে। এখন একটা বিরতি চলতে পারে। অর্থাৎ বেশি বৃষ্টির সম্ভাবনা কম। তবে দুপুরের দিকে আবার বৃষ্টি হতে পারে। বিকেল চারটা থেকে পাঁচটার দিকে বৃষ্টি আবার কমে যেতে পারে।"
তিনি আরও জানান, "আজ দেশের চার বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। সেগুলো হলো রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল।"
এদিকে ওমর ফারুক বলেন, "ঢাকা বিভাগের কিছু কিছু অংশেও বৃষ্টি হতে পারে। তবে বাকি অংশে বৃষ্টি কম হতে পারে।"
গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায় ১১৩ মিলিমিটার। এ সময় দেশের প্রায় সর্বত্রই বৃষ্টি হয়েছে। অন্য এলাকাগুলোর মধ্যে নোয়াখালীতে ৯০ মিলিমিটার, নওগাঁর বদলগাছী ও নীলফামারীর ডিমলায় ৭৯ মিলিমিটার এবং ফেনীতে ৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
এদিকে গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার পাশাপাশি সাগরের গভীর নিম্নচাপের প্রভাবে মাসের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। ভারী বৃষ্টিতে দেশের অন্তত ৯ জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।