ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসকে দলে নিতে আর্সেনাল আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী এই প্রস্তাবের পরিমাণ প্রায় ১ হাজার ১৬৪ কোটি টাকা। তবে নিউক্যাসল ক্লাবটি এই প্রস্তাব গ্রহণ করেনি। তারা ব্রুনোর দাম আরও প্রায় ১৬৬ কোটি টাকা বেশি ধরে আর্সেনালের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আর্সেনাল নিউক্যাসলের সঙ্গে ব্রুনো গিমারায়েসকে দলে নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ১ হাজার ১৬৪ কোটি টাকার প্রস্তাব পাঠিয়েছে।

আর্সেনালের কর্মকর্তাদের ধারণা, ব্রুনোর সর্বোচ্চ মূল্য ১ হাজার ১৬৪ কোটি টাকা। অন্যদিকে, নিউক্যাসল ২৮ বছর বয়সী এই ফুটবলারের জন্য প্রায় ১ হাজার ৩৩০ কোটি টাকা দাবি করছে। ফলে দুই পক্ষের মধ্যে প্রায় ১৬৬ কোটি টাকার ব্যবধান রয়ে গেছে।

ব্রুনোর নিউক্যাসল চুক্তির মেয়াদ আরও দুই বছর বাকি রয়েছে। ক্লাবটির নতুন কোচ ম্যাথিয়াস ইয়াইসলের অধীনে প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে সোমবার স্পেনের লা মাঙ্গায় পৌঁছেছেন তিনি। সেখানে নতুন কোচের সঙ্গে তার প্রথমবারের মতো দেখা হয়েছে।

এর আগে ব্রুনো স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন বলে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু তিনি ব্রাজিলে বিশ্বকাপ-পরবর্তী ছুটি কাটিয়ে সরাসরি নিউক্যাসলের অনুশীলন শিবিরে যোগ দিয়েছেন। তবে গার্ডিয়ানের দাবি, ব্রুনো উত্তর লন্ডনের ক্লাবটিতে যাওয়ার আগ্রহের কথা নতুন কোচকে জানাতে পারেন।

মাইকেল আর্তেতার দলের এবারের দলবদলের অন্যতম প্রধান লক্ষ্য একজন শীর্ষ মানের মিডফিল্ডার। সেই তালিকার ওপরের দিকে রয়েছেন ব্রুনো। প্রথম প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও দুই ক্লাবের আলোচনা পুরোপুরি থেমে যায়নি। সমঝোতায় পৌঁছাতে আর্সেনালকে অবশ্য প্রস্তাবের অঙ্ক বাড়াতে হবে।

অ্যান্থনি গর্ডন ও সান্দ্রো টোনালিকে বিক্রি করায় নিউক্যাসলের ওপর এখন আর্থিক চাপ নেই। তাই অধিনায়ককে কম দামে ছেড়ে দেওয়ার কোনো আগ্রহ নেই তাদের। নতুন কোচের অধীনে দল পুনর্গঠনের সময় ব্রুনোর অভিজ্ঞতা ধরে রাখতেই চায় ক্লাবটি।

এখন দেখার বিষয়, আর্সেনাল কত খরচ করে তাদের পছন্দের মিডফিল্ডারকে পেতে পারে।