বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ নামের এক শিক্ষার্থী খুন হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত জামিল শেখ ওই ইউনিয়নের শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও বিরোধের সৃষ্টি হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ বিবাদ থামাতে মধ্যস্থতা করতে যান। সেই সময় প্রতিপক্ষ তার ওপর অতর্কিত হামলা চালায়, এতে তিনি গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দিন জানান, "খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, "ময়নাতদন্তসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"
ঘটনার বিষয়ে ওসি মইনুদ্দিন আরও বলেন, "এ ঘটনায় জড়িত অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।"