ঝালকাঠির রাজাপুর উপজেলায় পারিবারিক নির্যাতনের শিকার হয়ে কুলসুম বেগম নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। এই ঘটনায় তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী আবুল কালাম তাজেল পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে বিষপান করেন কুলসুম বেগম। তাকে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, পারিবারিক নানা বিষয় নিয়ে কুলসুম বেগমের সঙ্গে তার শাশুড়ি হোসনা ভানু এবং স্বামীর দীর্ঘদিনের বিরোধ ছিল। অভিযোগ রয়েছে, শাশুড়ির প্ররোচনায় স্বামী আবুল কালাম তাজেল প্রায়ই তাকে মারধর করতেন।
নিহত গৃহবধূর পরিবারের দাবি, ঘটনার দিন সকাল সাড়ে ১১টার দিকে শাশুড়ির সঙ্গে কুলসুমের কথা কাটাকাটি হয়। দুপুরে স্বামী আবুল কালাম তাজেল বাড়িতে খাবার খেতে এলে শাশুড়ি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী কুলসুমকে গালিগালাজ ও মারধর করে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর সন্ধ্যার দিকে শাশুড়ির সঙ্গে পুনরায় ঝগড়া হলে মানসিক চাপ ও ক্ষোভে ঘরে থাকা চালে ব্যবহৃত কীটনাশক পান করেন তিনি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"