প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উস্কানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত গাজী সালাউদ্দিন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া একজন নেতা।

সোমবার (৩ আগস্ট) রাতে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেন।

মামলাটি দায়ের করেছেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল। রোববার তিনি এই মামলাটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৯ জুলাই বিকেল তিনটার দিকে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে অবস্থানকালে বাদী ফেসবুকে একটি পোস্ট দেখতে পান। অভিযোগ অনুযায়ী, গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে মানহানিকর ও উস্কানিমূলক মন্তব্য পোস্ট করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হলেও এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে বলে এজাহারে বলা হয়।

এজাহারে আরও জানানো হয়, বাদীসহ বিএনপির একাধিক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে ওই পোস্টটি দেখতে পান। এরপর দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় গিয়ে মামলাটি দায়ের করা হয়।

বিষয়টি নিয়ে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে একটি মামলা হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"