বগুড়ার শেরপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে সৃষ্ট দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে প্রাণ হারিয়েছে জামিল শেখ (১৬) নামের এক শিক্ষার্থী। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত জামিল শেখ শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা তৈরি হয়। সেই সময় মাঠে বসে খেলা দেখছিল জামিল। পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে সে এগিয়ে গেলে শেরুয়া দহপাড়া গ্রামের শাকিল (২২) তার ওপর চড়াও হন। শাকিলের লাথি ও কিল-ঘুষির আঘাতে জামিল মাঠেই লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত শাকিল ওই এলাকারই শফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকে তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, "জামিলের তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।"
পুলিশ আরও জানিয়েছে, নিহত কিশোরের পরিবার এই ঘটনায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, "ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধ থেকেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।"