পুলিশ কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং জনমনে তাদের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সোমবার (৩ আগস্ট) অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলুর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ আনা হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, "সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে–সামাজিক যোগাযোগমাধ্যমে কতিপয় ব্যক্তি বাংলাদেশ পুলিশের পুলিশ প্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। যাচাই-বাছাইবিহীন, মনগড়া ও কাল্পনিক তথ্য প্রকাশ করে তাদের বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালাচ্ছেন। বিশেষ করে, কোনো পুলিশ কর্মকর্তার নতুন পদায়নের পরই তাকে লক্ষ্য করে অতিমাত্রায় এ ধরনের নেতিবাচক প্রচার চালোনো হচ্ছে।"
অ্যাসোসিয়েশন আরও জানায়, কিছু ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে বিদ্বেষ ছড়াচ্ছেন, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, "কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন, নির্যাতন কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কেবল বিগত সরকারের আমলে চাকরি করার অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
পুলিশ অ্যাসোসিয়েশনের দাবি, এসব অপপ্রচারের মূল লক্ষ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়া, নতুন পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের বিতর্কিত করা এবং সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে ডিমোরালাইজড করে সরকারের আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করা।
বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, "পুলিশ বাহিনীকে ডিমোরালাইজড করার উদ্দেশ্যে পরিচালিত মানহানিকর প্রচারণা, মিথ্যা তথ্য প্রচার এবং পেশাদার কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়ার এই অপচেষ্টায় জড়িত ব্যক্তিবর্গ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।"
সবশেষে, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।