সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, "রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় দেশের জন্য উদ্বেগজনক। নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলে, সেটা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না।"
প্রতিমন্ত্রী আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে ‘আবৃত্তি উৎসব-২০২৬’ এবং আন্তবিভাগ নজরুল আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, "জুলাইকে কেন্দ্র করে কিছু মানুষ যে ভাষা ও আচরণ রাজনীতিতে নিয়ে এসেছে, তা উদ্বেগজনক। রাজনীতি একটি সুন্দর বিষয়, যা সমাজ ও রাষ্ট্রকে পরিচালিত করে। সেখানে অশালীন ভাষার কোনো স্থান নেই।"
নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন খাতের বাস্তব চিত্র আরও স্পষ্ট হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, "এখন সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি, ব্যবসা-বাণিজ্য—সব ক্ষেত্রে দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক সংকট রয়েছে। গত প্রায় দুই দশকে অনেক প্রতিষ্ঠানের সক্ষমতা গড়ে ওঠেনি। এসব সংকট মোকাবিলা করে একটি কর্মক্ষম রাষ্ট্র গড়ে তোলা সহজ কাজ নয়।"
তিনি আরও বলেন, "মাত্র পাঁচ মাস হয়েছে সরকার দায়িত্ব নিয়েছে। এর মধ্যেই অনেকেই নানা সমালোচনা করছেন। কিন্তু রাষ্ট্র পুনর্গঠনের যে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ, তা মোকাবিলা কীভাবে করা হবে, সেই আলোচনা খুব কমই হচ্ছে।"
মাদক, শিক্ষা ও সামাজিক সংকটের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের বিস্তার ঘটেছে। শিক্ষা, বাণিজ্যসহ প্রায় প্রতিটি খাতে সমস্যা রয়েছে। এসব সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়; সময় নিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ করতে হবে।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি আবিদুল হক রাহাত। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমীন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ইমরানুল হক, আবৃত্তি সংসদের ব্যবস্থাপনা উপদেষ্টা কামরুল ইসলাম জুয়েল।
অনুষ্ঠানে কবি আবদুল হাই শিকদারকে ‘কবি সম্মাননা’ এবং আবৃত্তিশিল্পী মুন্সী মো. রেজাউল হোসেইন টিটোকে ‘আবৃত্তি শিল্পী সম্মাননা’ প্রদান করা হয়।
বায়োসিমিলার ও ভ্যাকসিন উৎপাদনে স্বনির্ভর হতে দ্রুত জাতীয় কৌশল প্রণয়ন করবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৬ আগস্ট, ২০২৬ এ ৯:৩৪ অপরাহ্ণ