গ্যাসের মূল্য হ্রাস না করা হলে পেট্রোবাংলা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি একই সঙ্গে গ্যাস ও বিদ্যুতের দাম কমানোর পাশাপাশি বিদ্যুৎ বিলে যুক্ত ‘হিডেন চার্জ’ প্রত্যাহারের দাবি জানান।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরা রাজউক কলেজের সামনে এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা অঞ্চলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গণভোটের গণরায় বাস্তবায়ন, তীব্র গ্যাস সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানানো হয়।
বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, "গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানো এবং বিদ্যুৎ বিলে যুক্ত অতিরিক্ত হিডেন চার্জ প্রত্যাহার করা হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ভোগান্তি অনেকটাই কমবে। অন্যথায় গ্যাসের দাম কমানোর দাবিতে পেট্রোবাংলা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।"
জুলাই গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ২০১৮ সাল থেকে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় উত্তরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং প্রতিটি পর্যায়ে জামায়াতে ইসলামী শিক্ষার্থীদের পাশে ছিল।
সাবেক শাসকদলের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ১ আগস্ট জামায়াতে ইসলামীকে অন্যায়ভাবে নিষিদ্ধ করা হয়েছিল। এছাড়া জুলাই আন্দোলনের সময় শিশুদের ওপর চালানো সহিংসতার তীব্র নিন্দা জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, "জুলাই সনদকে কেবল আনুষ্ঠানিক ঘোষণায় সীমাবদ্ধ না রেখে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এর রাজনৈতিক পরিণতি ভোগ করতে হতে পারে।"
দুর্নীতি দমনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশে শতভাগ দুর্নীতি নির্মূল করা সম্ভব হলে জাতীয় অর্থনীতি ও জনজীবনে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে। তবে বর্তমান সরকার জুলাইয়ের চেতনার কথা বললেও বাস্তবে তার কার্যকর প্রয়োগ দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বক্তব্যের এক পর্যায়ে তিনি আগামী ৫ আগস্ট—যাকে তিনি ‘৩৬ জুলাই’ ও ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ হিসেবে অভিহিত করেন—সেদিন সকাল ১০টায় পল্টনে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সমবেত হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে রাজউক কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল জসীমউদ্দীন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, সহকারী পরিচালক মাহবুবুল আলম, অধ্যক্ষ আশরাফুল হক, উত্তরা মডেল থানা আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, দক্ষিণখান পশ্চিম থানা আমির আবু সাঈদ শাহনেওয়াজ, দক্ষিণখান উত্তর থানা আমির মোস্তাকিম আলম ও উত্তরখান পূর্ব থানা আমির ইসরাঈল হোসেন প্রমুখ।