অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে প্রমাণ ছাড়াই ‘মিথ্যা তথ্য’ বা বিভ্রান্তিকর কোনো তথ্য ছড়ালে দায়ী ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বিদ্যুৎ বিভাগ।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিষয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী ‘অপপ্রচার’ চালাচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে যেসব অভিযোগ পাওয়া গিয়েছিল, বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাগুলো ইতিমধ্যে সেগুলোর সমাধান করেছে।

তবে কোনো গ্রাহকের যদি অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগ থাকে, তবে প্রমাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। যথাযথ প্রমাণ সাপেক্ষে আবেদন করলে সে বিষয়ে অবশ্যই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছে বিভাগটি।

উল্লেখ্য, গত তিন মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ পাওয়া যাচ্ছিল। অনেক গ্রাহকের দাবি ছিল, নতুন কোনো বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার শুরু না করলেও তাদের বিদ্যুৎ খরচের ইউনিট অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া কেউ কেউ অভিযোগ করেন, নিয়মিত মিটারের রিডিং না নিয়ে অনুমাননির্ভর হিসাবের মাধ্যমে বিল প্রস্তুত করা হচ্ছে।

এই প্রসঙ্গে গত ২ আগস্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান রেজাউল করিম জানান, কেন্দ্রীয়ভাবে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। প্রতিটি বিতরণ সংস্থা ও বিদ্যুৎ কোম্পানিকে তাদের নিজ নিজ এলাকার অভিযোগগুলো যাচাই করতে বলা হয়েছে। তার দাবি, অধিকাংশ অভিযোগ তদন্ত করে অতিরিক্ত বিলের পক্ষে উল্লেখযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।