জামালপুরের নরুন্দি এলাকায় চলন্ত কমিউটার ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে আব্দুল হাই (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলার নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল হাই জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি যখন নরুন্দি জাকের মির্জাপুর এলাকায় পৌঁছায়, তখন ট্রেনের ছাদে থাকা ওই যুবক অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, "ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। আমরা মরদেহ উদ্ধার করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।"