প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকাবহুল দলে যুক্ত হলো এক নতুন ‘সহকারী’। তবে তাকে দেখা যাবে না কোচ লুইস এনরিকের ডাগআউটে কিংবা অনুশীলনের মাঠে। ফরাসি ক্লাবটির আনুষ্ঠানিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে গুগলের জেমিনিকে।

সোমবার গুগলের সঙ্গে এই নতুন অংশীদারত্বের কথা ঘোষণা করেছে ফ্রান্সের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। চুক্তির শর্তানুযায়ী, জেমিনি হবে ক্লাবটির আনুষ্ঠানিক এআই সহকারী। একই সঙ্গে গুগল পিক্সেলকে পিএসজির আনুষ্ঠানিক স্মার্টফোন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই অংশীদারত্ব কেবল অনলাইন কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। প্যারিসে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে গুগলের জন্য একটি বিশেষ স্থান তৈরি করা হবে বলে জানানো হয়েছে।

জেমিনিকে ঠিক কোন কোন নির্দিষ্ট কাজে ব্যবহার করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পিএসজি। তবে আধুনিক ফুটবলে খেলোয়াড় ও দলের বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, সমর্থকদের জন্য ব্যক্তিগত অভিজ্ঞতা তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ধরনের আধেয় তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে।

পিএসজি আশা করছে, জেমিনির মাধ্যমে তারা বৈশ্বিক সমর্থকদের সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করতে পারবে। বিশেষ করে ম্যাচের তথ্য উপস্থাপন, ডিজিটাল প্রচারণা এবং সমর্থকদের জন্য সৃজনশীল আধেয় তৈরিতে গুগলের এই প্রযুক্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।

ক্রীড়াঙ্গনে প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রবেশ বর্তমান সময়ে একটি প্রবণতা। ২০২৫ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে মাইক্রোসফট। সেই চুক্তির আওতায় ম্যাচের তাৎক্ষণিক তথ্য ও পরিসংখ্যান প্রদানে লিগের ডিজিটাল মাধ্যমগুলোতে মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলট ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এবার গুগলের সঙ্গে হাত মিলিয়ে প্রযুক্তিনির্ভর সেই পথেই আরও এক ধাপ এগোল গত মৌসুমের ইউরোপীয় চ্যাম্পিয়ন পিএসজি।