কিশোরগঞ্জের তাড়াইলে দুর্বৃত্তদের নির্মম পিটুনিতে এক শারীরিক ও বাকপ্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর তার কাছে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়েছে।
নিহত হাবুল মিয়া (৫২) উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং তাড়াইল সিএনজিস্ট্যান্ডে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় থাকলেও তিনি গ্রামে একাই বসবাস করতেন।
ঘটনাটি ঘটে রোববার (২ আগস্ট) রাত ৩টার দিকে বরুহা গ্রামের নিজ বাড়ির সামনে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত দুই থেকে তিনজন দুর্বৃত্ত গাছের ডাল বা কাঠ দিয়ে হাবুল মিয়ার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং হামলাকারীরা তার কাছে থাকা ভিক্ষার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বাকপ্রতিবন্ধী হওয়ায় হামলার সময় তিনি চিৎকার করে কারও সাহায্য চাইতে পারেননি। পরে তার গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়।
এই নৃশংস ঘটনায় বরুহা গ্রামসহ পুরো এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, "নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বাদী হয়ে আজ সকালে অজ্ঞাত দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেছেন। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"