হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে ‘জীবিত দাফন’ করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিজের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

রোববার (২ আগস্ট) রাতে ছাত্রদল সভাপতির বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে স্থানীয় থানায় এই জিডি দায়ের করেন।

জিডির বিবরণ অনুযায়ী, সদর উপজেলার রায়ধর গ্রামের মৃত আকবর আলীর ছেলে মাওলানা কামরুল ইসলাম খান তার ফেসবুক আইডি ব্যবহার করে প্রকাশ্যে শাহ রাজিব আহমেদ রিংগনকে হত্যা ও ‘জীবিত দাফন’ করার হুমকি দিয়েছেন। অভিযোগ করা হয়েছে যে, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে বিএনপির হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জি কে গউছসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠন নিয়ে অশালীন, কটূক্তিমূলক ও রুচিহীন মন্তব্য করে আসছেন, যা দলের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

প্রকাশ্যে এমন প্রাণনাশের হুমকির কারণে রিংগন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে জিডিতে।

এই প্রসঙ্গে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন মুক্তকণ্ঠকে বলেন, “দীর্ঘদিন ধরেই আমাকে হত্যা ও আক্রমণের হুমকি দেওয়া হচ্ছিল। সম্প্রতি কামরুল ইসলাম তার ফেসবুকে প্রকাশ্যে আমাকে জীবিত দাফনের কথা বলেছেন। আমি প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা ও নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।”

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মাওলানা কামরুল ইসলাম খানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হক জানান, জেলা ছাত্রদলের সভাপতির স্বজনের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়েছে। সেটি জিডি হিসেবে নথিবদ্ধ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।