গাজীপুরের শ্রীপুরে এক অদ্ভুত ঘটনার মাধ্যমে রাজনীতি থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন যুবদল থেকে বহিষ্কৃত এক নেতা। সোমবার বেলা ২টার দিকে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে এই ঘোষণা দেন তিনি। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ওই ব্যক্তির নাম মাহবুব আলম, তিনি দক্ষিণ ধনুয়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তবে বর্তমানে তাঁর কোনো পদ-পদবি নেই। দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৯ জুলাই তাঁকে আজীবনের জন্য যুবদল থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ২ নম্বর গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে দুটি বালতি দুধ নিয়ে বসে আছেন মাহবুব আলম। পাশে তাঁর মা ও আরও কয়েকজন উপস্থিত থাকাকালীন এক ব্যক্তি মগ দিয়ে তাঁর মাথায় দুধ ঢেলে দিচ্ছেন।
পরিবারের কথা চিন্তা করেই রাজনীতি থেকে সম্পূর্ণভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মাহবুব আলম। তিনি মুক্তকণ্ঠকে বলেন, "বর্তমানে তাঁর কোনো পদ-পদবি না থাকায় সংগঠনকে আনুষ্ঠানিকভাবে জানানোর সুযোগ নেই। দল বা কোনো ব্যক্তির প্রতি তাঁর কোনো ক্ষোভ বা অভিমান নেই।"
অন্যদিকে, গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক জানান, বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে মাহবুব আলমকে একাধিকবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার বিষয়টি তিনি ফেসবুকে দেখেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "এভাবে রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়া ঠিক হয়নি। এর আগের দিনও মাহবুব আলম রাজনীতি করবেন না বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন।"