অভিনয়ের পাশাপাশি প্রকৃতিপ্রেমের জন্যও পরিচিত অভিনেত্রী জয়া আহসান। অবসর সময়ে বাগান করা তাঁর অন্যতম প্রিয় শখ। সম্প্রতি হাতে কোদাল নিয়ে মাটি প্রস্তুত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং প্রশংসায় ভাসছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
জয়ার ফেসবুক পেজে পোস্ট করা ২ মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ঢাকার পাশে ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে অবস্থিত নিজের বাংলোবাড়ির বাগানে কৃষিকাজে ব্যস্ত তিনি। মেকআপহীন ও সাধারণ পোশাকে একজন সহায়তাকারীর সঙ্গে মিলে গোবর সার মিশিয়ে দীর্ঘক্ষণ কোদাল চালাতে দেখা যায় তাঁকে। কাজের ফাঁকেই তিনি বাগানের বিভিন্ন গাছ ঘুরে দেখান এবং জানান, সেখানে জবা ও ঘুমন্ত জবাসহ নানা প্রজাতির গাছ রয়েছে, যেগুলোর নিয়মিত পরিচর্যা তিনি নিজেই করেন।
ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৩০ লাখ ভিউ হয়েছে। এতে প্রায় এক লাখ রিঅ্যাকশন, তিন হাজারের বেশি মন্তব্য এবং প্রায় এক হাজারবার শেয়ার করা হয়েছে।
জয়ার এই সহজ-সরল জীবনযাপন ভক্তদের দারুণভাবে মুগ্ধ করেছে। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘সবাই এখন তোমার দেখাদেখি মাঠে নেমে পড়বে।’ অন্য একজন লিখেছেন, ‘সত্যি সব শিল্পীরা মাটিকে এত ভালোবাসে না। আপনাকে দেখে সত্যি অভিভূত হলাম। মাটির কাছে গেলে মনটাও মাটির মতো উর্বর থাকে।’ কেউ লিখেছেন, ‘মাটির মানুষ। মাটির সঙ্গে সম্পর্ক।’ রাজু আহমেদ নামে একজন মন্তব্য করেন, ‘সত্যিই আপনার এই কাজগুলো দেখতে ভালো লাগে এবং অনুপ্রাণিত করে। প্রাচুর্য আর আধুনিকতার মাঝেও মাটি আর শিকড়কে ভুলে যাননি।’ সাজিদুর রহমান নামে আরেকজন লিখেছেন, ‘শরীরচর্চাও হলো, আবার টাটকা শাকসবজিও খাওয়া হলো। কৃষিকাজকে ছোট করে দেখার কিছু নেই। ইউরোপ-আমেরিকার অনেক ধনী মানুষও শখের বসে কৃষিকাজ করেন।’
ফিটনেস বিষয়ে জয়া আহসান এর আগে তাঁর নিজস্ব ভাবনা ব্যক্ত করেছিলেন। মুক্তকণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, নিয়মিত জিমে যাওয়ার অভ্যাস তাঁর নেই। নতুন কোনো সিনেমার শুটিংয়ের আগে প্রয়োজন হলে কিছুদিন শরীরচর্চা করলেও প্রতিদিনের স্বাভাবিক কাজগুলোই তাঁর শরীরচর্চার অংশ হয়ে থাকে।