নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশে গলাকাটা ও মুমূর্ষু অবস্থায় হৃদয় ইসলাম নামে এক যুবককে উদ্ধার করেছেন স্থানীয়রা। গুরুতর আহত ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায় রেলওয়ে কারখানার নিরাপত্তা প্রাচীর সংলগ্ন রেললাইনের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। আহত হৃদয় ইসলাম (২১) শহরের চওড়া বাগিচাপাড়া এলাকার মহুবার রহমানের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তারা লক্ষ্য করেন, হৃদয় ইসলামের গলা কাটা এবং হাতের কবজিতে গুরুতর জখম রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাইয়ুল কবির রাজীব বলেন, "ধারালো কোনো অস্ত্র দিয়ে হৃদয় ইসলামের গলায় ও হাতের কবজিতে গভীর জখম করা হয়েছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।"
ঘটনা প্রসঙ্গে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, "গলাকাটা ও হাতের কবজিতে জখম অবস্থায় এক যুবককে রেললাইনের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটির পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।"