ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক ব্যবসায়ের অভিযোগে একজনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আখাউড়া পৌরসভার পূর্ব মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার (২ আগস্ট) মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ থাকা কুরবান ধারালো অস্ত্র দিয়ে সিহাব নামে এক যুবকের ওপর হামলা চালান। ওই ঘটনার প্রতিবাদে পরদিন স্থানীয়রা সংগঠিত হয়ে এলাকায় অভিযুক্তদের সতর্ক করতে যান।

স্থানীয়দের অভিযোগ, ‘ঐক্যবদ্ধ আখাউড়া টিম’-এর যুগ্ম সমন্বয়কারী রুবায়েদ হোসেনের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল পূর্ব মসজিদপাড়ার কয়েকটি বাড়িতে প্রবেশ করে। এ সময় মাদক ব্যবসার অভিযোগ তুলে হৃদয় মিয়া ও তানজিনার বাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে হৃদয় মিয়ার একটি টিনশেড ঘর ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় এলাকায় কিছু সময় তীব্র উত্তেজনা বিরাজ করলেও পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, মাদক ব্যবসার অভিযোগে বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।