জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলামসহ চার আসামিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ সোমবার এই আদেশ প্রদান করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলার অন্য তিন আসামি হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান।

জানা গেছে, আবুল হাসানকে ট্রাইব্যুনালের অন্য একটি মামলায় আগেই গ্রেপ্তার দেখানো হয়েছিল। বাকি তিন আসামি বিভিন্ন থানায় দায়ের করা মামলায় আগে গ্রেপ্তার হয়েছিলেন। আজ তাঁদের ট্রাইব্যুনালের সামনে হাজির করা হয়।

ঘটনার বিবরণ দিয়ে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ মুক্তকণ্ঠকে বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় ৮ জন নিহত হন। ২০ জুলাই নিহত হন ৯ জন।"

এই মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত চার আসামিকে আজ আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।