রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রাচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার (৩ আগস্ট) বেলা দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুর রহমান বাবলু (৫৫)। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের সাদেক শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমান বাবলুকে মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, "হাসপাতালে পৌঁছানোর আগেই মাহিন্দ্রাচালকের মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।"

পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নিলোৎপল বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"