সিলেটে চলতি বছরে প্রথমবারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও দুজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর ফলে বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১ জনে।

স্বাস্থ্য বিভাগের সোমবার (৩ আগস্ট) প্রকাশিত দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, ডেঙ্গুতে মারা যাওয়া নারী গোলাপগঞ্জ উপজেলার আব্দুল মালেকের মেয়ে আফিয়া খানম (৫৪)। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন আরও দুজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে; তাদের একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন ভর্তি আছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট ১১১ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে সিলেট জেলায় ২৪ জন, সুনামগঞ্জে ২১, হবিগঞ্জে ৫২ এবং মৌলভীবাজারে ১১ জন। এছাড়া অন্য জেলা থেকে আসা তিনজন রোগীও এখানে চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, সিলেটে আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর ফলে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে এবং মোট শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৭০৬ জনে।

পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের একজন জগন্নাথপুর উপজেলার (৬ মাস ৫ দিন) এবং অন্যজন সুনামগঞ্জ সদর উপজেলার (৬ মাস)। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এক দিনে হামের উপসর্গ নিয়ে ৯৩ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে মোট ২৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন। নতুন ২৮ জন শনাক্ত হওয়ার পর ১ জানুয়ারি থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০৬ জনে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৪৩ জন, সিলেটে ২৩৫, হবিগঞ্জে ৬৭ এবং মৌলভীবাজারে ৬১ জন আক্রান্ত। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনের শরীরে রুবেলা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৯৩ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে ভর্তি ২৫৪ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩৬, হবিগঞ্জ সদর হাসপাতালে ৩ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ১১০ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১১৬ জন, যার মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৫১ জন, সিলেটে ৪০, মৌলভীবাজারে ১৩ এবং হবিগঞ্জে ১২ জন মারা গেছেন।