দিনাজপুরের বিরলে জমিতে সেচের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. হেলাল ওরফে বরকু (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিরল ইউনিয়নের বিরল (ঝাড়পুকুর) গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত হেলাল ওই গ্রামের মো. খাদিমুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হেলাল নিজ জমিতে বিএমডিএ গভীর নলকূপের সেচের পানি নেওয়ার কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. আল এমরান জানান, "বর্তমানে মৃতদেহ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"