টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাঁচটি জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়েছে।
সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই দিন সিলেট ও রংপুর বিভাগ এবং এর তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া তৃতীয় দিনে রংপুর বিভাগ ও আশপাশের উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর ফলে আগামী ৭২ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার কিছু পয়েন্টে পানি সতর্কসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট জেলার কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বর্তমান বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলভাবে বৃদ্ধি পাচ্ছে এবং এই ধারা আগামী তিন দিন বজায় থাকবে। এর প্রভাবে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এছাড়া যমুনা, পদ্মা, সোমেশ্বরী, মুহুরী ও গোমতীসহ দেশের অন্যান্য নদ-নদীর পানিও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।