পাবনার ঈশ্বরদীতে একটি মুদিদোকানে চুরি করতে গিয়ে স্থানীয় জনতার গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে দোকানের মালিক ও তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে রোববার (২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়া ঠান্ডাতলা এলাকায়। নিহত ব্যক্তির নাম সুমন (৩২), তিনি একই ইউনিয়নের মহাদেবপুর আজিজলতলা এলাকার মৃত বয়েন মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে হবিবুল ইসলামের মুদিদোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন সুমন। দোকানের পাশেই ঘর থাকায় শব্দ পেয়ে হবিবুল ইসলাম বাইরে বেরিয়ে আসেন এবং তাকে হাতেনাতে আটকানোর চেষ্টা করেন। এসময় সুমন তার সাথে থাকা ধারালো অস্ত্র দিয়ে হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে সুমনকে ধরে গণপিটুনি দেয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা আহত হবিবুল ইসলাম ও তার দুই ছেলেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।