ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বকে ‘বিষাক্ত’ বলে উল্লেখ করে সাবেক আইওসি বিপণনপ্রধান মাইকেল পেইন বলেছেন, তাঁর ১০ বছরের শাসনের সমাপ্তি ঘিরে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেইন বলেন, ইনফান্তিনোর নেতৃত্বের গ্রহণযোগ্যতা ‘এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে’ এবং তিনি থাকলে ফুটবল বিশ্ব ‘বড় বিপর্যয়’ও দেখতে হবে।

গত মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে ফাঁস হওয়া একটি নথিতে দেখা যায়, ফিফার একটি নতুন বাণিজ্যিক ইউনিট গঠনের পরিকল্পনা ছিল। ওই ইউনিটের প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে এর মাধ্যমে প্রায় ৪২০ কোটি ডলার তোলার কথা ছিল। পরিকল্পনায় বলা হয়, ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ নামে একটি নতুন বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হতো, যা বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে ফিফার ২১১টি সদস্যদেশের প্রতিটি ফুটবল অ্যাসোসিয়েশনকে এককালীন দুই কোটি ডলার করে দেওয়ার প্রস্তাবও ছিল। ফিফার প্রতিটি সদস্য সংস্থার একটি করে ভোট রয়েছে।

পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে সমালোচনা বাড়ে। সেই চাপের মুখে গত শনিবার ইনফান্তিনো পরিকল্পনাটি স্থগিত করেন। এ প্রসঙ্গে পেইন বলেন, ‘কোনো ক্রীড়া প্রশাসকের এত দ্রুত জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা হারানোর ঘটনা আগে দেখেছি বলে মনে পড়ে না।’

পেইন আরও জানান, মাত্র এক সপ্তাহ আগেও ইনফান্তিনো একটি বিশ্বকাপ আয়োজনের কারণে ভালো অবস্থানে ছিলেন। আগামী বছর ফিফা সভাপতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে নতুন মেয়াদ শুরু করবেন—এমন ধারণাও তখন ছিল বলে উল্লেখ করেন তিনি।

মাইকেল পেইনের মতে, বর্তমান পরিস্থিতিতে ইনফান্তিনোর জন্য ফিফা সভাপতির পদে টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘এখন ইনফান্তিনোর জন্য এই মাসটিও পার করা কঠিন হবে। তিনি নিজেকে এমন সংকটে ফেললেন কীভাবে? এটা ছিল চরম ঔদ্ধত্যের ফল।’

৫৬ বছর বয়সী সুইস এই ক্রীড়া সংগঠকের বিরুদ্ধে নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাক্যাফ। কনকাক্যাফের সদস্যদের মধ্যে সাম্প্রতিক বিশ্বকাপের তিন আয়োজক দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোও রয়েছে।

উয়েফা এক বিবৃতিতে জানিয়েছে, ইনফান্তিনোর ‘বিতর্কিত চুক্তি’ তাদের তাঁর নেতৃত্বের প্রতি আস্থা নষ্ট করেছে। অন্যদিকে কনকাক্যাফ বলেছে, এই সভাপতিত্ব নিয়ে ‘সর্বাত্মক জবাবদিহি’ প্রয়োজন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বিপণন বিভাগে প্রায় দুই দশক কাজ করা পেইন মনে করেন, ইনফান্তিনো পদে বহাল থাকলে বিশ্ব ফুটবলে আরও বড় সংকট তৈরি হতে পারে।

৬৮ বছর বয়সী এই আইরিশ ক্রীড়া প্রশাসক বলেন, ‘খেলাধুলার এই জগতে “কখনোই না”—এ কথা আমি বলি না। কিন্তু ইনফান্তিনোর টিকে থাকতে এখন অলৌকিক কিছু ঘটতে হবে। ছোট দেশগুলোর ওপর যতই লবিং বা প্রভাব খাটানোর চেষ্টা করা হোক না কেন, তাতে তাঁকে বাঁচানো যাবে বলে আমি মনে করি না।’

পেইনের ভাষায়, ‘তাঁর নেতৃত্ব এখন এতটাই বিতর্কিত ও অগ্রহণযোগ্য হয়ে উঠেছে যে তিনি পদে থাকলে বিশ্ব ফুটবলে চরম বিপর্যয় দেখা দেবে। বড় বড় ফুটবল শক্তিগুলো আলাদা পথে হাঁটতে পারে, এমনকি বয়কটের ঘটনাও ঘটতে পারে।’