ফ্রান্সের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের অভিষেক ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা দিয়েছে। টিকিট বিক্রি শুরু হওয়ার মাত্র এক দিনের মধ্যেই ইতালির বিপক্ষে ম্যাচের সব টিকিট শেষ হয়ে গেছে।
আগামী ২ অক্টোবর উয়েফা নেশনস লিগে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ইউরোপীয় ফুটবলের এই দুই পরাশক্তির লড়াইটি অনুষ্ঠিত হবে প্রায় ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার স্তাদ দ্য ফ্রান্সে।
ফরাসি ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট বিক্রি শুরু হওয়ার পর থেকেই এর ব্যাপক চাহিদা ছিল এবং ২৪ ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই সব টিকিট শেষ হয়ে গেছে। জিদানের অধীনে ফ্রান্সের নতুন যাত্রা সরাসরি দেখার প্রবল আগ্রহই এই দ্রুত বিক্রির প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
দীর্ঘ ১৪ বছর দায়িত্ব পালনের পর দিদিয়ের দেশম ফ্রান্সের প্রধান কোচের পদ ছেড়েছেন। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদান। সাবেক এই মিডফিল্ডার এর আগেও একাধিকবার জাতীয় দলের দায়িত্ব নেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন।
ক্লাব কোচিংয়ে রিয়াল মাদ্রিদের হয়ে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতার অনন্য কীর্তি রয়েছে জিদানের। তবে ২০২১ সালে স্প্যানিশ ক্লাবটি ছাড়ার পর তিনি আর কোনো দলের দায়িত্ব নেননি। দীর্ঘ পাঁচ বছরের বিরতি শেষে ইতালির বিপক্ষে ম্যাচটি দিয়েই পুনরায় ডাগআউটে ফিরছেন জিদান।