কুমিল্লার দাউদকান্দি উপজেলার খামারপাড়া এলাকায় খিরাই নদের ওপর নির্মিত একটি পুরোনো বেইলি সেতু অপসারণের কাজ চলাকালে সেটি খালে ধসে পড়েছে। এই দুর্ঘটনায় সেতুর নিচ দিয়ে যাওয়া ইটবোঝাই একটি বাল্কহেড ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় রাব্বি নামে একজন শ্রমিক আহত হয়েছেন। তবে চালক, সুকানি, সহকারী ও ১৭ জন শ্রমিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় নতুন সেতু নির্মাণের প্রস্তুতির অংশ হিসেবে পুরোনো বেইলি সেতুটির নাট খুলে অপসারণের কাজ চলছিল। সেই সময় হঠাৎ সেতুটি ধসে পড়ে। এর ফলে দাউদকান্দিসহ আশপাশের কয়েকটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যা স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
রোববার (২ আগস্ট) বাল্কহেডে থাকা শ্রমিক কাশেম মিয়া জানান, দুর্ঘটনার সময় সবাই দ্রুত সাঁতরে তীরে উঠে প্রাণে রক্ষা পান। তবে তার ব্যবহৃত মোবাইল ফোন, নগদ টাকা, ব্যাগে থাকা পোশাকসহ প্রয়োজনীয় মালামাল নদীতে হারিয়ে গেছে।
বাল্কহেডের মালিক ও সুকানি জুয়েল পাটোয়ারী মুক্তকণ্ঠকে জানান, "ঢাকার জিঞ্জিরা থেকে প্রায় ৪০ হাজার ইট নিয়ে শনিবার ভোরে তারা যাত্রা শুরু করেন। সন্ধ্যায় খামারপাড়া বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দে পুরো সেতুর অংশ বাল্কহেডের ওপর ভেঙে পড়ে।"
তিনি আরও দাবি করেন, এই দুর্ঘটনায় নৌযানটির প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দা মজনু মিয়া জানান, দীর্ঘদিনের বর্ষা ও অতিবৃষ্টির কারণে বেইলি সেতুর পাটাতন মরিচা ধরে দুর্বল হয়ে পড়েছিল। মাঝেমধ্যে পাটাতন দেবে গিয়ে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে, কিন্তু স্থায়ী সংস্কার বা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।
সেতুটি ধসে পড়ায় দাউদকান্দির পাশাপাশি চাঁদপুরের মতলব দক্ষিণ, কচুয়া, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ ও চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প সড়ক ব্যবহারের কারণে সময় ও ভোগান্তি বৃদ্ধি পেয়েছে।
নতুন সেতু নির্মাণকাজে নিয়োজিত একে আমিন ডেভেলপমেন্টের সঙ্গে সংশ্লিষ্ট স্থানীয় ব্যবসায়ী রোকনুজ্জামান বলেন, ব্রিজের নাট খুলে অংশগুলো আলাদা করার কাজ চলছিল। একপর্যায়ে একটি অংশ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়, যাতে নৌযানটি ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সমঝোতার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে তিনি জানান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাউদকান্দি উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "এটি নতুন সেতু নির্মাণ প্রকল্পের অংশ। পুরোনো বেইলি সেতু খুলে ফেলার কাজ চলাকালে সেটি খালে ধসে পড়ে। এ ঘটনায় রাব্বি নামে একজন শ্রমিক আহত হয়েছেন। আমিন ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানটি কাজটি বাস্তবায়ন করছে।"