চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে ২৮৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় এই পরিমাণ ১৫ দশমিক ৪ শতাংশ বেশি।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসেবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে প্রায় ৩৮ কোটি ১০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জুলাই মাসের শেষ দুই দিন অর্থাৎ ৩০ ও ৩১ জুলাইয়ে দেশে ১৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর ফলে পুরো জুলাই মাসে মোট প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৫ কোটি ৯০ লাখ ডলারে।

বিশ্লেষকদের ধারণা, হুন্ডি নিয়ন্ত্রণে নেওয়া পদক্ষেপ, প্রবাসী আয়ের জন্য প্রণোদনা কার্যক্রম এবং বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্স প্রবাহে এই ইতিবাচক প্রভাব পড়েছে।