চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মাছবোঝাই একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মসজিদের খতিব ও মুয়াজ্জিন নিহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট এলাকার পুরাতন ডিটি সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন মঘাদিয়া ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫) এবং একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২)। নিহত জয়নাল আবেদিন দরগাহপাড়া কালা পীরশাহ জামে মসজিদের খতিব এবং ইছাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ওলামাদলের সভাপতি ছিলেন। জহির উদ্দিন একই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জরুরি একটি কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয়নাল আবেদিন ও জহির উদ্দিন। জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাফায়াত হোসেন জানান, "দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। বিষয়টি পুলিশ ও স্বজনদের অবহিত করা হয়েছে।"

এই বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, "দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। মরদেহের সুরতহাল প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"