মোড়কে ঘোষিত ওজনের চেয়ে কম ওজনের বিস্কুট বাজারজাত করার দায়ে নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরির ওপর দুই লাখ টাকা জরিমানা আরোপ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে পণ্যের মোড়কের সামনে ও পেছনের অংশে ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করার অভিযোগও পাওয়া গেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

আজ রোববার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার সুমাইয়া আফরোজ এবং পরিদর্শক (মেট্রোলজি) রাভী মোহাম্মদ ইতমাম।

বিএসটিআই সূত্রে জানা গেছে, অভিযানের সময় নাবিস্কোর উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের ওজন নিবন্ধন সনদ অনুযায়ী যাচাই করা হয়। এতে দেখা যায়, বেশ কিছু পণ্যের প্রকৃত ওজন মোড়কে লেখা ওজনের চেয়ে কম। এছাড়া একই পণ্যের মোড়কের সামনে ও পেছনে ভিন্ন ভিন্ন ওজন লেখা ছিল, যা সরাসরি ভোক্তাদের বিভ্রান্ত করার শামিল।

ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রি ও বাজারজাত করার নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের অধিকার সংরক্ষণ, সঠিক ওজন নিশ্চিত করা এবং বাজারে ন্যায্য বাণিজ্যিক পরিবেশ বজায় রাখতে তাদের মোবাইল কোর্ট ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।