ঢাকার ধামরাইয়ে তাবলীগ জামাতে সফররত এক সদস্যের টাকা ও সিম কার্ড নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একই জামাতের অন্য এক সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম রাজিব। এই ঘটনায় রোববার (২ আগস্ট) ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জাহিদ হাসান।
অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রাজিব রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার শেখপুর গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী জাহিদ হাসান জানান, রাজিব নামের ওই ব্যক্তি প্রথমে তাদের সঙ্গে ৬০ দিনের সফরে সিরাজগঞ্জে ছিলেন। পরবর্তীতে ২০ দিনের সফরের জন্য তারা একসঙ্গে ধামরাইয়ে আসেন। গত শুক্রবার তারা ধামরাইয়ে পৌঁছান। সেখানে কয়েক দিন একসঙ্গে থাকার পর শনিবার সকালে কাউকে কিছু না জানিয়েই রাজিব চলে যান।
জাহিদ আরও জানান, রাজিব চলে যাওয়ার সময় তার মোবাইল ফোনের সিম কার্ডটি নিয়ে যান, যার সঙ্গে মোবাইল ব্যাংকিং সেবা যুক্ত ছিল। পরে তিনি সাভারের একটি কাস্টমার কেয়ার থেকে সিমটি রিপ্লেসমেন্ট করেন। এরপর নগদ মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে প্রবেশ করে তিনি দেখতে পান, তার হিসাব থেকে ২ হাজার ৯৫০ টাকা সেন্ড মানি করে রাজিবের নম্বরে পাঠানো হয়েছে। এছাড়া একই নম্বরে ৪৫ টাকা মোবাইল রিচার্জ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, তার নগদ অ্যাকাউন্টে আগে প্রায় তিন হাজার টাকা ছিল, কিন্তু পরে সেখানে মাত্র তিন টাকা পান। লেনদেনের স্টেটমেন্টে শনিবার বিকেলে টাকা স্থানান্তরের তথ্য দেখতে পান তিনি। এছাড়া তার ব্যাগে থাকা প্রায় ১০ হাজার ৪০০ টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন জাহিদ।
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম বলেন, "লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"